Powered By Blogger

Thursday, September 14, 2017

দরদাম




জানি না কতখানি সত্যি, তবে প্রবাদ আছে-বাঙালির নিত্য অসুখ – গ্যাস, অম্বল আর বদহজম ।

তার ওপর বাজারে বা অন্য কোনো জায়গায় জিনিস কিনতে গিয়ে দরদাম না করলে অসুখ গুলো  নাকি আরও বেড়ে যায় ।

সঙ্গে যোগ হয়- মাথা ঘোরা, পা ঝিনঝিন আর হা হুতাশ ।

যদি বা কেনা হল – তবুও আফশোস থেকে যায়, কেন আরও একটু দাম কমালাম না !

তা যাক্ !  দুটো বহুশ্রুত চুটকি শোনাই আপনাদের- বাঙালির দরদামের ব্যাপারে । অবশ্যই অনেক কাল আগের কথা ।
 এক ভদ্রলোক, তাঁর পরিবারের বারো জনকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন- কলকাতা থেকে ব্যাণ্ডেল ।

টিকেট কাউন্টারে যখন টিকেট বাবু বললেন
:-দিন চব্বিশ টাকা! ভদ্রলোক বললেন – কি অনাসৃষ্টি কাণ্ড, একডজন টিকিট নিলাম একটু কমসম হবে না?
ঘটাং ঘটাং করে টিকিট গুলোতে তারিখ পাঞ্চ করতে করতে বললেন – আপনার বিয়ে কি রেলের কোন কত্তার সাথে হয়েছে ?
কথা না বলে ভদ্রলোক চব্বিশ টাকা দিয়ে টিকেট গুলো নিলেন ।
ভদ্রলোক ফিরছেন ব্যাণ্ডেল থেকে নিমন্ত্রণ রক্ষা করে ।
এবারে টিকেটের দাম বললেন কাউন্টারের বাবু – ত্রিশ টাকা !
ভদ্রলোক অবাক ! আসার সময় তো চব্বিশ টাকা দিলাম, আর ফেরার সময় ত্রিশ !

জবাব এল – আরে মশাই, সেটা ছিল দিনের বেলা ! এখন রাত । লাইট জ্বলবে, তার জন্য উপরি টাকা দেবেন না ?
দরাদরি করে, সেটা কমান গেল-আঠাশ টাকায় ।

ভদ্রলোক গিন্নিকে বললেন – দেখলে তো হাওড়ার লোকটা আমায় ঠকিয়েছিল !
বাজারেও এই বিপত্তি ।
 বাজারে নারকোল আছে । কিনতে হবে মরসুমের বাজারে ।
দাম জিজ্ঞেস করাতে, দোকানদার বলল:- জোড়া চল্লিশ টাকা !

একটু কম হবে না ?
-       হবে বাবু, তবে আমার এখানে নয় ।
-       কোথায় ?
-       একটু এগিয়ে যান, জোড়া ৩৫ টাকা । আর একটু এগুলে জোড়া ৩০ টাকা । করে করে, এগিয়ে গেলে দেখবেন, বিনে পয়সায় প্রচুর নারকোল পাবেন !

 দই মিষ্টিও  কেনা দরকার ।
ভাই মিষ্টি দই কত করে ? ক্রেতার ব্যাকুল জিজ্ঞাসা ।
-      দুশো কুড়ি টাকা কিলো ।
-      এ:, কিলিয়ে দিলেন ভাই ! দুশো বিশ করে হবে না ? একটু সস্তা হতো তালে !
-      নামী দোকানে একদাম ! নেবার হলে নিন, না হলে আসুন !

এখন তো অনলাইনে কেনার ধূম । তা সেখানেও নাকি -বং জাতি দরদাম করে ।

আমার জানা নেই – আপনাদের জানা আছে কি?







No comments:

Post a Comment