টুকরো- টাকরা -৫
+++++++++ পৃথিবীতে যত ভাষা আছে, সে গুলো শেখা এক জন্মের কম্মো নয় । তবে, একটাই সর্বজনীন ভাষা আছে, নাক ডাকা । কত বিচিত্র যে তার তাল, লয়, মীড়, গমক, মূর্চ্ছনা, সে আর বলে শেষ করা যাবে না। কবিতার ছন্দ থেকে শুরু করে গদ্যের সমাহিত ভাব, সবই উপস্থিত । জানি না, ভাষাবিদরা এই নাক ডাকাকে এসপারেন্তোর মত সর্বজনগ্রাহ্য ভাষা বলে স্বীকার করবেন কিনা, তবে করলে ভালো হয় । এটাও জানি না, পশু পাখীরা নাক ডাকে কিনা, তবে আমি বাইশ তেইশ বছর আগে আমার এক বন্ধুর বাড়ীতে তার পোষা বৃদ্ধ অ্যালসেসিয়ানের নাক ডাকা শুনেছিলাম, দিনের বেলা । মনে হলো – দিন তো গেল, হরি পার করো আমারের সুরে, নাক ডাকছে তার । কালো নাসারন্ধ্র দুটো, তালে তালে নেচে নেচে- আয় মা শ্যামার বোল তুলেই যাচ্ছে । পেত্যয় করবেন কিনা, সেটা আপনাদের ব্যাপার, তবে নিজের কানের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে । চিলে নিয়ে যায় নি এখনও আমার কানটা! যাকগে, প্রসঙ্গে ফিরে আসি । খাওয়া দাওয়া চলছে ! আপ্পারাও পরমানন্দে চিবিয়ে চলেছে শুকনো পুরি আর আলু ভাজা, মাঝে আচারের টাকনা । আমরাও খেয়ে চলেছি অবিচ্ছিন্ন ভাবে । আমাদের নিয়ে যাওয়া চিকেন কষা আর প্রমোদের আনা চিকেন চাঁপের ফিউশন সুবাস, সারা কামরাকে মাতিয়ে রেখেছে । হ্যালো, দাদু- আমি মহেশ আগরওয়াল । আপনাদের সাথে পরিচয় করতে এলাম । নমস্কার, নমস্কার বসো ভাই বসো ! কিন্তু তোমার এই চিকেনের গন্ধ কি সহ্য হবে ? কি যে বলেন দাদু ! ওই লোভেই তো এলাম । বলো কি হে ? মারওয়াড়ীরা তো এই সব সহ্য করতেই পারে না ! আরে দাদু, এখন সেই জমানা নেই আর, বুঝলেন ? কি যাতা বলছো ? ঠিক বলছি । আমার দিদি তো বিয়ে করেছে বাঙালিকে । দিদির তারপর থেকে মাছ ছাড়া ভাতই রোচে না মুখে ! আমি কিংকর্তব্যবিমূঢ় ! দুঃখ কি জানেন ? কি? জামাই বাবুর সুন্দরী ছোট বোনটা পাত্তাই দেয় না আমাকে । কেন ? বলে, তোমার সাথে প্রেম করবো কি, সারা গা দিয়ে তো ভঁয়সা ঘিয়ের বাজে গন্ধ ! তারপর, তারপর ? এতো ফেসবুকে রেজিয়াল কমেন্টের মত ! তারপর আর কি, ওকে আর্সেনেলের বিরিয়ানী, সাবিরের রেজালা, দিলখুসার কষা মাংস খাইয়ে আর নিজে খেয়ে একটু লাইনে আনতে পেরেছি । তোমার বাড়ীতে জানে, মানে তোমার এই খাবার ব্যাপারটা ? চিকেন পক্স হলে কি আর চাপা দেওয়া যায় ? উরি ত্তারা ! তা, মা বাবা কি বললে ? কি আর বলবে ! আমাকে আলাদা ফ্ল্যাটে থাকতে বলেছে, বিয়ের পর ! ত্যজ্য পুত্র করবে না তো ? না না, সে চান্স নেই ! আমার মা তো বাঙালি, তবে খাওয়া দাওয়া সব নিরামিষ ! বাঙালি নারীর কি আত্মত্যাগ ! প্রেমে সব কিছু হয় দাদু ! তবে বলছিলাম কি, আমাকে এক পিস চিকেন আর একটু গ্রেভি দেবেন ? মা ঘি মাখানো রুটি আর মোটা লাল লঙ্কার আচার দিয়েছে, প্যাক করে । গলা দিয়ে নামছে না ! লজ্জার মাথা খেয়ে চাইলাম ! আহারে ! আগে বলবে তো ! নাও নাও ! থেংক্যু, থেংক্যু ! তারপর আর কি ? আলো নিবিয়ে , পর্দা টেনে চললো আর্ন্তজাতিক ভাষায় কথা বার্তা |
Sunday, June 5, 2016
প্রেম
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment