Powered By Blogger

Sunday, March 27, 2016

স্মৃতি – বিস্মৃতির আড়ালে



+++++++++++++

 
অনেক কিছুই লিখবো ভাবি, হয় না লেখা প্রধান কারণআলস্য আর বাঁ হাতের তিনটে আঙুল স্পোনডিলোসিসের জন্য অসাড় হয়ে যাওয়া

এছাড়া লিখতে গেলেটানা বসাটাও আমার বারণ বড়জোর কুড়ি মিনিট তারপর অন্তত আধ ঘন্টা শোওয়া, ডাক্তারের ফরমান অনুযায়ী

তারপরে অসমাপ্ত লেখাটার আর দিশা পাই না- ঐ সময় ফারাকের জন্য চিন্তার খেই হারিয়ে ফেলি


তবু সোমেনের একটা লেখা, এই লেখাটা আমাকে লিখতে বাধ্য করলো আমি ওর ষ্টেটাসে লিখতে পারতাম, এই কথাগুলো, কিন্তু তাতে অনেকেই আমাকে ভুল বুঝতো, সোমেন , তারক, পার্থ, সুশান্ত- এরকম কয়েকজন ছাড়া গ্রুপে সেই অসুবিধে নেই বলে, এখানেই লিখলাম ।

 আমি আনন্দবাজার পড়ি, সেই কৈশোর বয়স থেকে । ধীরে ধীরে দেখেছি এই পত্রিকার অধঃপতন ।
সেই সময়ে যুগান্তর, দৈনিক বসুমতী – এসব দৈনিকও ছিল তবে, আনন্দ বাজারকে টপকাতে পারে নি কেউই, প্রধানত তার ভাষা, খবরের উপস্থাপনা এবং পরিবেশনের জন্য ।

পার্টির মুখপত্রও ছিল  । প্রথমে স্বাধীনতা, পরে পার্টি ভাগ হবার পর- গণশক্তি এবং কালান্তর এই দুটি পত্রিকা প্রকাশিত হতে থাকে ।

সবই লাইনোতে ছাপা, তবে সেরকম বানান ভুল চোখে পড়েছে বলে মনে হচ্ছে না আমার ।
প্রথম আনন্দবাজারই অফসেটে ছাপা কাগজ আনে তাও আংশিক । সরকার বাড়ির এই কাগজ প্রতিষ্ঠা নিয়ে অনেক চালু গল্প কথা চালু আছে, তার কতটা সত্যি বা মিথ্যা আমার জানা নেই ।

তবে, সেই সময়ে এই পত্রিকা ততটা খবর “তৈরি” করতো না বা  গা জোয়ারী মাতব্বরী, উন্নাসিকতা কম ছিল ।

তবু, কোথায় যেন একটা খামতি ছিল ।

সৈয়দ মুজতবা আলী, বাংলা সাহিত্যের কুতুব মিনার “দেশে বিদেশে” লেখা শুরু করেন – দক্ষিণ ভারতের মদনাপল্লী স্যানেটোরিয়ামে । আবু সইদ আইয়ুবের যক্ষ্মা হবার পর, তাঁর সাথে আলী সায়েব যান সেই স্যানেটোরিয়ামে ।
পরে পাণ্ডুলিপিটি কানাইলাল সরকারের হাতে পড়লে অবাক হয়ে যান পড়ে ।

কানাই বাবু সেটি দেন সাগরময় ঘোষের কাছে । ঘোষ বাবু পড়ে অভিভূত হয়ে যান । সেই সময়ে এক প্রথিত যশা সাহিত্যিক সাগরময় বাবুকে বলেন – কি পড়ছেন মন দিয়ে ?

একটা ভ্রমণ কাহিনী  - উত্তর ছিল, সাগরময় বাবুর ।

সাহিত্যিকটি বলেন – যাক এটা উপন্যাস নয়, না হলে একজন প্রতিদ্বন্দ্বী দেখা দেবে ।


নাম শুনে সাহিত্যিক নাক কুঁচকে বলেন  - ও, সেই শান্তিনিকেতনের লেড়েটা ?

 অনেক বাধা সত্ত্বেও সাগরময় বাবু দেশে বিদেশে ছাপিয়েছিলেন দেশ পত্রিকায় ।

 ১৩ ই মার্চ ১৯৪৮ থেকে ১৮ ই সেপ্টেম্বর ১৯৪৯  প্রকাশিত হয় কিস্তিতে – তার পরেরটা তো ইতিহাস ।



এদিকে কবি কৃষ্ণ ধরের ( এই নামটা বোধহয় অনেকেরই জানা নেই এখন) সঙ্গে আমার আলাপ হয় বৈবাহিক সূত্রে  । একটু ঢাক পেটানো হবে, তবে কয়েকটা কথা বলার জন্যই এই প্রসঙ্গ টেনে আনা ।

তিনি আমার ব্রহ্মপুরের বাসাতে আসেন গোপালপুরে বেড়ানোর জন্য । দিন কয়েক ছিলেন সেই ১৯৭৫ সালে ।

তখন নম্র ভাষায় কথা বলা কৃষ্ণ ধর- যুগান্তর এবং অমৃত সাপ্তাহিকের সম্পাদক মণ্ডলীতে ছিলেন ।

সারাদিনই আড্ডা  চলতো – নানা বিষয়ে । এর মধ্যেই তিনি একদিন জিজ্ঞেস করেন – আমি গল্প বা কবিতা লিখি কিনা ।

সবে ধন নীলমণি দুটো গল্প লেখা ছিল , সেই দুটো তাঁর হাতে দিতেই মুচকি হেসে ওই দুটি নেন, এবং বেশ পরে দেখি একটি গল্প ছাপা হয়েছিল অমৃত পত্রিকায় ।  পরের গল্পটা বিবেচিত হয় নি ছাপার জন্য । এখন সবই ভুলে গেছি ।
অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইণ্ডিয়ার শুঁড়িখানায় আলাপ হয় – সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে- আমার বস হেমেন রায়ের সূত্রে ।
সুনীল বাবুই প্রথম আমার অমৃত পত্রিকায় প্রকাশিত গল্পের কথা বলেন – এবং একটি গল্প চান এই শর্তে যে মনোনীত হলে ছাপা হবে ।

পুলকিত আমি গল্প পাঠাই এবং প্রায় পাঁচ মাস পরে সেই গল্পটি ছাপা হয়েছে, তবে আমার নামে নয় ।
 না না সুনীল বাবু এর জন্য দায়ী ছিলেন না, দুঃখও প্রকাশ করেছিলেন, কিন্তু শত অনুরোধেও আমি আজ পর্যন্ত কোনো গল্প পাঠাই নি দেশ পত্রিকায় আজ পর্যন্ত ।
পরে অত্যন্ত ভদ্রলোক এবং আনন্দবাজারের ক্রীড়া সম্পাদক প্রয়াত মতি নন্দীর সাথে আলাপ হয় একটা ঘরোয়া অনুষ্ঠানে ।

তাঁর ঝরঝরে গদ্য আমাকে
 অভিভূত করতো । এদিক দিয়ে দাম্ভিক, উন্নাসিক বর্তমান ক্রীড়া সম্পাদক গৌতম ঠিক মতি নন্দী নয়, তবে তার গদ্যের হাত খুব সুন্দর ।

এবারে আসি সিনেমা হলের ট্রেইলার প্রসঙ্গে । তখন সংবাদ বিচিত্রা নামে হলে দেখানো হতো বিভিন্ন খবর এবং খেলার টুকরো, টিভি পূর্ব যুগে

পনেরো মিনিট ছিল সময় সীমা । দেখেছিলাম
গাভাসকরের ওয়েষ্ট ইণ্ডিজের সাথে ব্যাটিং, সঙ্গে দিলীপ সরদেশাইয়ের সঙ্গত

এক অদ্ভূত রোমাঞ্চ , লিখে বোঝানো  আমার পক্ষে সম্ভব নয় ।


পরে টিভি এলেও সরাসরি সম্প্রচার হতো না । পরের দিন দেখানো হতো খেলা ।


চারটে স্লিপ একটা গালি নিয়ে কপিল দেবের বোলিং দেখে স্তম্ভিত হয়ে গেছিলাম ।

আছে আমাদের দেশেও আছে, ফাষ্ট বোলার ।
এবারে বানান দিয়ে শেষ করবো ।

স্ক্যাম কথাটা আমি প্রথম দেখি
ইংরেজী কাগজে । অনেক ইংরেজি অভিধান খুঁজেও অর্থটা পাই নি । পরে অবশ্য জলভাত হয়ে যায় শব্দটা ।
সনির বিজ্ঞাপন দেখি বুঝি – ওটার উচ্চারণ সনি – সোনী নয় । তাই হয়তো সনিয়া।

তবে, শচীন না সচিন এই নিয়ে ধন্ধ এখনও কাটে নি ।
যেমন কাটে নি – গ্বালিয়র না গোয়ালিয়র ।

গান্ধী না গাঁধি ?
অনেক আগে – জ্যোতি বাসু উচ্চারণ করতেন দূরদর্শনের ইংরেজি সংবাদ পাঠক পাঠিকারা । খোদ পামেলা রত্নমই এই উচ্চারণ করতেন, তাঁর ভাই সুরজিৎ সেনের মত ।

পরে নাকি নিয়ম হয় – আঞ্চলিক ভাষায় যে উচ্চারণ হবে, সেটাই বলতে হবে ।

হয়ে যায় জ্যোতি বাসু ।


-------------
আমার এটা নির্ভেজাল স্মৃতি চারণ । তিন খেপে লিখেছি বলে – একটু আবোল তাবোল হয়ে গেছে মাফ করবেন  সবাই ।






No comments:

Post a Comment